দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে : মির্জা ফখরুল
বুধবার, ৩ জুন, ২০২৬ ০৩:২২ পিএম | আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ০৩:২২ পিএম
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী বছর থেকে ভর্তি প্রক্রিয়া চালু হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার লক্ষ্যেও কাজ এগিয়ে চলছে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেসব এলাকার রাস্তাঘাট এখনো উন্নয়নবঞ্চিত রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে।
রুহিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই দিনে প্রয়াত নেতাদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, অনেক প্রবীণ নেতা আজ আর আমাদের মাঝে নেই। তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তবে রুহিয়ার মানুষ তাদের অবদান চিরকাল মনে রাখবে।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
- চীনের তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
- চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু
- প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক
- চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- দেশব্যাপী শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী