বিশ্বকাপের আগে মারাকানায় দুর্দান্ত ব্রাজিল, পানামাকে উড়িয়ে দিল ৬-২ গোলে
সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:০২ এএম | আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬ ০৯:০২ এএম
বিশ্বকাপের ঠিক আগে নিজেদের মাটিতে শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ব্রাজিল। কিংবদন্তি মারাকানা স্টেডিয়ামে ৭০ হাজারেরও বেশি উত্তেজিত দর্শকের সামনে আক্রমণাত্মক ফুটবলে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাও।
চোটের কারণে নেইমার না থাকলেও বাকি খেলোয়াড়রা মিলে মারাকানাকে উৎসবমুখর করে রাখলেন পুরো ম্যাচজুড়ে।
ম্যাচ শুরুর মাত্র এক মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। পানামার মিডফিল্ড বিল্ড আপে ভুল করলে সতর্ক কাসেমিরো বল কেড়ে ভিনিসিয়ুস জুনিয়রের কাছে দেন। বক্সের বাইরে থেকে ২৩ মিটার দূরে দাঁড়িয়ে অসাধারণ শটে জাল খোঁজেন ভিনি। তবে ১৩ মিনিটে ফ্রি কিক থেকে সমতা ফেরায় পানামা।
৩৮ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। অ্যালেক্স স্যান্ড্রোর ক্রস থেকে ভিনিসিয়ুস দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু বল দিলে হেডে গোল করেন কাসেমিরো। বিরতির আগে রাফিনিয়ার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে না গেলে ব্যবধান আরও বাড়তে পারত।
বিরতিতে একসঙ্গে ১০ জন বদলি নামান কোচ আনচেলত্তি। নতুন মুখেরাও ছন্দে ছিলেন দারুণভাবে। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গোলরক্ষক মোসকেরার ভুলের সুযোগে ফরোয়ার্ড রায়ান তৃতীয় গোল করেন। ১৪ মিনিটে সুন্দর পাস বিনিময়ের পর চতুর্থ গোল যোগ করেন লুকাস পাকেতা। এরপর পেনাল্টি থেকে পঞ্চম গোল করেন ইগর থিয়াগো। শেষদিকে পাকেতার থ্রু বলে বক্সে ঢুকে নিচের কোণ দিয়ে ষষ্ঠ গোল করেন দানিলো সান্তোস। শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক দ্বিতীয় গোলটি পানামার পক্ষে করেন হার্ভি।
শুরু থেকে শেষ পর্যন্ত একই তাল ধরে রেখে প্রতিপক্ষের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করল ব্রাজিল। বিশ্বকাপের ঠিক প্রাক্কালে এমন দাপুটে জয় সমর্থকদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিল।
আরও পড়ুন
- ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল
- বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার
- নকআউট নিশ্চিত হলেও দুশ্চিন্তায় আর্জেন্টিনা
- নতুন সাজে মেসি-ডি পল
- দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
- বিশ্বকাপে ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর
- শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
- ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জোড়া লাল কার্ড, বিশ্বকাপে কানাডার প্রথম জয়