'বাদামের খোসাও যেখানে-সেখানে নয়'
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১১ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:১১ এএম
রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সচেতনতার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) বিকেলে জুরাইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখেছেন তিনি। পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করলেও এখনো অনেক এলাকায় পরিষ্কার কাজ বাকি রয়েছে। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে শহর পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন।
বিদেশের পরিষ্কার রাস্তার তুলনা টেনে তারেক রহমান বলেন, উন্নত দেশে শুধু পরিচ্ছন্নতাকর্মীরাই নয়, সাধারণ নাগরিকরাও যেখানে-সেখানে ময়লা ফেলেন না। তিনি গণিতের উদাহরণ দিয়ে বোঝান, কয়েক হাজার মানুষ যদি প্রত্যেকে মাত্র এক কেজি ময়লা একই স্থানে ফেলেন, তাহলে মুহূর্তেই ১০ টন আবর্জনা জমে যায়।
পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোদ, গরম, ধুলা আর যানবাহনের কালো ধোঁয়ার মধ্যে সারাদিন কাজ করা তাদের জন্য কষ্টের। নাগরিকরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে তাদের কাজ সহজ হবে।
সাদা শার্টে দাগ পড়লে যেমন নিজের কাছেই খারাপ লাগে — এমন উপমা দিয়ে তিনি বলেন, শহরকেও ঠিক সেভাবেই দেখতে হবে। বাদামের খোসা থেকে শুরু করে ময়লা টিস্যু পর্যন্ত পকেটে রেখে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন তিনি।
তারেক রহমান স্পষ্ট করেন, শহর পরিষ্কার রাখতে এমপি, মন্ত্রী বা ওয়ার্ড কমিশনার হওয়ার দরকার নেই — একজন সচেতন নাগরিক হিসেবেই এই দায়িত্ব পালন করা সম্ভব। তিনি বলেন, এই দেশ কোনো একটি পরিবার, দল বা সরকারের নয় — এটি ২০ কোটি মানুষের সম্পদ।
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে সকলকে একসঙ্গে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র হলেও এলাকা ও দেশের জন্য যা ভালো, তা করাই প্রকৃত দেশপ্রেম।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী