১১ সেকেন্ডে গোল, উত্তেজনার পর শেষ হাসিতে সেমিতে বাংলাদেশ
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:২৩ এএম
গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ রোমাঞ্চ আর উদ্বেগের এক অদ্ভুত সহাবস্থান দেখল দর্শকরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে পথটা মোটেও মসৃণ ছিল না।
রেফারির বাঁশি বাজার মাত্র ১১ সেকেন্ডের মাথায় জাল কাঁপালেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। অধিনায়ক মারিয়া মান্ডার পাস, ঋতুপর্ণা চাকমার ক্রস — আর আনিকার পায়ে গোল। জাতীয় দলে এটি তার প্রথম গোল, এবং সাফ ইতিহাসেও এটি হতে পারে দ্রুততম। ৩৪তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ক্রস থেকে উমেলাহ মারমার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।
এরপরই দৃশ্যপট বদলে যায়। ৪১তম মিনিটে গোলকিপার মিলি আক্তারের ভুলে গোল পান মালদ্বীপের মারিয়াম নুরা। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার আফঈদার মারাত্মক ভুলে আমিনাত ফাজলার গোলে ম্যাচ ২-২ সমতায় ফেরে। যে দলকে প্রথম ম্যাচে ভারত ১১-০ গোলে উড়িয়ে দিয়েছিল, তাদের সঙ্গেই ড্রয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ।
বিপদ বুঝে কোচ পিটার বাটলার মাঠে নামান তহুরা খাতুন ও সুরভী আকন্দ প্রীতিকে। ৬৪তম মিনিটে ঋতুপর্ণার নিখুঁত ক্রস থেকে প্রীতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অতিরিক্ত সময়ে ঋতুপর্ণার ফ্রি-কিক থেকে হেডে শেষ গোলটি করেন কোহাতি কিসকু — ৪-২।
বি গ্রুপে ভারতের পাশাপাশি সেমিফাইনালের টিকিট কাটল মারিয়া মান্ডার দল। আর টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মালদ্বীপ।
আরও পড়ুন
- ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল
- বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার
- নকআউট নিশ্চিত হলেও দুশ্চিন্তায় আর্জেন্টিনা
- নতুন সাজে মেসি-ডি পল
- দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
- বিশ্বকাপে ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর
- শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
- ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জোড়া লাল কার্ড, বিশ্বকাপে কানাডার প্রথম জয়