1. »
  2. ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:২৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ০৮:২৭ এএম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা। হিজরি জিলহজ মাসের ১০ তারিখের এই মহান দিনটি 'কোরবানির ঈদ' নামে সর্বমহলে সুপরিচিত। রাজধানী ঢাকা থেকে দেশের প্রত্যন্ত প্রান্ত পর্যন্ত যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দে দিনটি উদযাপিত হচ্ছে।

ঈদুল আজহার ইতিহাস প্রোথিত হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর এক অবিস্মরণীয় ঘটনায়। আল্লাহর নির্দেশে প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন ইব্রাহিম (আ.)। সেই কঠিন পরীক্ষায় সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর কুদরতে পুত্রের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা কোরবানি হয়। সেই মহান ত্যাগের স্মৃতিকে চিরজীবন্ত রাখতেই সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য কোরবানি ওয়াজিব করা হয়েছে।

সকালে সারা দেশের ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ধনী-গরিব, ছোট-বড় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ শেষে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। নামাজ শেষে শুরু হয় পশু কোরবানির মূল আনুষ্ঠানিকতা।

রাজধানীতে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। হাসপাতাল, কারাগার ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি বহাল রয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জনগণকে মোবারকবাদ জানিয়েছেন।