1. »
  2. সমগ্র দেশ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:১৭ এএম | আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:১৭ এএম

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, বৃষ্টি এবং একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

গতকাল মঙ্গলবার দিনগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে মির্জাপুরের জামুর্কি পর্যন্ত থেমে থেমে যানজট চলছে। সেতুর সংযোগ সড়কেও রাতে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

সফি নামের যাত্রী জানান, চন্দ্রা থেকেই যানবাহন ধীরে চলছিল। টাঙ্গাইলে এসে যানজটে আটকে পড়েন তিনি। দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে তাঁর সাড়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

যাত্রী কবির মিয়া জানান, কোনো বাসেই আসন খালি না থাকায় বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে উঠতে হয়েছে। তবে সেখানেও যানজটের কবল থেকে রেহাই মেলেনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমকে জানান, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি বৃষ্টির কারণে গাড়ি ধীরগতিতে চলছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিনও একই আশার কথা জানান। তাঁর মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হয়ে আসবে।