1. »
  2. সমগ্র দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪৯ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

আজ রোববার ভোররাত চারটা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কের কুমিল্লামুখী লেনে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় আটকে পড়া এক ট্রাকচালক জানান, চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন। বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়া বাসচালক আশিক বলেন, কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন তা বলতে পারছেন না।

যাত্রীরা জানান, এই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। ঈদের আগে এই যানজট ঘরমুখো মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।