1. »
  2. আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি 'অনেক কাছাকাছি: ট্রাম্প

রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:২১ এএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি 'অনেক কাছাকাছি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি চুক্তির বিষয়ে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও অগ্রগতির ইঙ্গিত দিলেও উভয়পক্ষ এখনও সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল শনিবার সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, তিনি একটি খসড়া চুক্তি দেখেছেন এবং যেকোনো চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে অবশ্যই বিরত রাখতে হবে। 

তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এমন পরিস্থিতি তৈরি হবে যা ইরানের জন্য অত্যন্ত কঠিন হবে।

এদিকে তেহরান জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে পারমাণবিক ইস্যু আলোচনার অন্তর্ভুক্ত করা হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আপাতত লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ শেষ করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পারমাণবিক আলোচনায় প্রবেশ করতে আরও ৩০ থেকে ৬০ দিন লাগতে পারে।

মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শনিবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। তিনি আলোচনাকে 'অত্যন্ত ফলপ্রসূ' বলে বর্ণনা করেছেন।

তবে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ কড়া বার্তা দিয়ে বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র সৎ পক্ষ নয় এবং ইরান তার জাতীয় অধিকারে কোনো আপস করবে না। তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় যুদ্ধ শুরু করে, তার পরিণতি আগের চেয়ে আরও তীব্র হবে।

এই আলোচনা ইরানের ১৪ দফা প্রস্তাবকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, ফ্রান্স ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। গাজায় ফ্লোটিলার কর্মীদের প্রতি তার আচরণকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, ফরাসি নাগরিকদের বিরুদ্ধে কোনো সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ সহ্য করা হবে না।