1. »
  2. বিনোদন

রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:৪২ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:৪২ এএম

রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্টে শাকিব খান লেখেন, একটি শিশুর আর্তনাদ কখনো শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার। তিনি বলেন, রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই মুহূর্তে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে।

শাকিব আরও উল্লেখ করেন, বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করা। তিনি বলেন, এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়।

এদিকে, মামলার প্রধান আসামি সোহেল রানা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী রোববারের মধ্যে চার্জশিট দাখিল করে দ্রুততম সময়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।