1. »
  2. সমগ্র দেশ

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৫৩ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৫৩ এএম

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লক্ষ্মীপুর থেকে একটি পণ্যবাহী ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে দুই তরুণ মোটরসাইকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমানের। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত শান্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় জানা গেলেও বিস্তারিত স্থায়ী ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।