ঐতিহাসিক হোয়াইটওয়াশ
পাকিস্তানকে ২-০ তে উড়িয়ে দিল বাংলাদেশ
বুধবার, ২০ মে, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১১:৫৫ এএম
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক অধ্যায় রচিত হলো সিলেটে। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে ৭৮ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরল টাইগাররা।
৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য সামনে রেখে পঞ্চম দিনেও হাল ছাড়েনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটি বাংলাদেশ শিবিরে উদ্বেগ ছড়াতে শুরু করেছিল। রিজওয়ান ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করলেও সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় তাকে। ৯৪ রানে শরীফুল ইসলামের বলে গালিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
এর আগেই সাজিদকে সরিয়ে পথ খুলে দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়ার গৌরব অর্জন করেন তাইজুলই।
শেষটা এলো ৯৮তম ওভারে। খুররম শাহজাদের বিদায়ে ৩৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস, আর সঙ্গে সঙ্গে উৎসবে মাতে পুরো বাংলাদেশ।
এই সিরিজ জয় কেবল হোয়াইটওয়াশেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ডও গড়েছে বাংলাদেশ—যা দেশের টেস্ট ইতিহাসে অন্য কোনো দলের বিপক্ষে আগে কখনো হয়নি।
সিরিজজুড়ে ব্যাট হাতে মুশফিকুর রহিম ও লিটন দাস ছিলেন ভরসার নাম। বল হাতে তাইজুল, মেহেদী হাসান মিরাজ ও শরীফুলের ধারাবাহিক দাপট পুরো সিরিজে পাকিস্তানকে কোণঠাসা রেখেছে। ব্যাটিং, বোলিং কিংবা মানসিক লড়াই—প্রতিটি বিভাগেই প্রতিপক্ষকে ছাড়িয়ে গেছে টাইগাররা। ঘরের মাঠে এই ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মুকুটে যোগ করল নতুন এক পালক।
আরও পড়ুন
- ইতিহাস গড়লেন রোনালদো, উজবেকিস্তানকে ৫ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল
- বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর পেলেন নেইমার
- নকআউট নিশ্চিত হলেও দুশ্চিন্তায় আর্জেন্টিনা
- নতুন সাজে মেসি-ডি পল
- দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
- বিশ্বকাপে ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর
- শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
- ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জোড়া লাল কার্ড, বিশ্বকাপে কানাডার প্রথম জয়