ভিডিপি-আনসারের জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৮:৫৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৯:০২ পিএম
আগামীকাল বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বাহিনীর সব স্তরের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার এক বিশেষ বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ জন শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা সবসময়ই উল্লেখযোগ্য। বিশেষত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসনীয় ভূমিকার জন্য সদস্যদের আবারও অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আনসার-ভিডিপির ভূমিকা অপরিসীম।
শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তারুণ্যই শক্তির উৎস। যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠাকে বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার পাথেয় হিসেবে দেখছেন তিনি।
বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে — এই প্রত্যাশা ব্যক্ত করে বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী