হাটের বাইরে পশু রাখা যাবে না: ডিএমপি কমিশনার
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৮:০৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৮:০৭ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
হাটের বাইরে বা রাস্তায় পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ছাড়া জাল টাকা শনাক্তকরণ মেশিন পশুর হাটে রাখার ঘোষণা দেন ডিএমপি কমিশনার। ঈদের সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।
সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দায়িত্বশীলভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।
সমন্বয় সভায় বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদফতর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পশুর হাটের ইজারাপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
আরও পড়ুন
- চট্টগ্রামে মিছিল-মিটিং-সমাবেশ নিষিদ্ধ
- মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার
- টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
- ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে
- ঈদুল আজহা পর্যন্ত বাড়ল ব্যবসাপ্রতিষ্ঠানের খোলার সময়
- ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, উপকূলে ১ নম্বর সতর্ক সংকেত
- মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম