1. »
  2. খেলার মাঠ

জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৭:৫৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ০৭:৫৩ পিএম

জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট

ঐতিহাসিক জয়ের একধাপ দূরে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের দরকার মাত্র আর ৩টি উইকেট।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছে পাকিস্তান। লক্ষ্যমাত্রা থেকে এখনো ১২১ রান পিছিয়ে তারা, হাতে মাত্র ৩ উইকেট।

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪ রানের সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করার পর তাইজুলের ফিরতি ওভারে স্লিপে ক্যাচ দেন হাসান আলি। শেষ বিকেলে মাত্র ৮ বলের ব্যবধানে দুই উইকেট তুলে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফেরে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ১১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তাইজুল। এ ছাড়া নাহিদ রানা ২টি ও মেহেদি মিরাজ ১টি উইকেট পেয়েছেন।

ইনিংসের ১১তম ওভারে নাহিদ রানার শর্ট বলে আব্দুল্লাহ ফজল গতির কাছে পরাস্ত হন এবং গালিতে মিরাজের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৬ রানে ফেরেন। এরপর আজান আওয়াইসকে ২১ রানে এলবিডব্লিউতে ফেরান মিরাজ।

৪১ রানে দুই ওপেনার হারানোর পর বাবর আজম ও শান মাসুদ দলকে এগিয়ে নেন, তবে ৪৭ রানে বাবরকে থামান তাইজুল। সেঞ্চুরির পথে এগোতে থাকা শান মাসুদকেও ৭১ রানে ফেরান তাইজুল, ফলে ১৬২ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ ও দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে। পাকিস্তান প্রথম ইনিংসে করে ২৩২ রান।

পঞ্চম দিনে মাত্র ৩ উইকেট হাতে নিয়ে ১২১ রানের পাহাড় টপকাতে হবে পাকিস্তানকে। বাংলাদেশের জয়ের সম্ভাবনা এখন উজ্জ্বল।