1. »
  2. জাতীয়

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:২৫ এএম

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে — এদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

গতকাল শনিবার বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় — আমরা কেউ বসে থাকবো না। শক্ত হাতে প্রতিহত করবো।"
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল-কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন। পরে ল্যাপটপের বাটন চাপার সঙ্গে সঙ্গে চাঁদপুরসহ আরও ২০টি জেলার মোট ১৫ হাজার নারী সুবিধাভোগীর প্রত্যেকের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ পাঠানো হয়।

চাঁদপুর ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২০টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, "১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। পর্যায়ক্রমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।"

তিনি সবাইকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।"

এ সময় চাঁদপুরে ইপিজেড স্থাপন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি ইতিবাচক সমর্থন জানান।

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদ বেগম হীরাসহ অনেকে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বিডা'র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ জেলা নেতারাও উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়।