মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৪
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:২১ এএম
মালয়েশিয়ার পুচং এলাকায় বৃহৎ পরিসরের বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ সাত দেশের ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গত ১২ মে মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযোগ ছিল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদেশি নাগরিকদের কর্মসংস্থান দেওয়া হচ্ছিল।
১৩ মে বুধবার ইমিগ্রেশন বিভাগের বিবৃতিতে জানানো হয়, ৫৯ জন কর্মকর্তা রেস্টুরেন্ট, খাদ্যদোকান, মুদি দোকান, সেলুন, লন্ড্রি, ব্যবসায়িক কিয়স্ক এবং একটি বড় সুপারমার্কেটসহ মোট ৩০টি প্রতিষ্ঠানে তল্লাশি চালান।
আটক ৭৪ জনের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের ২৩ থেকে ৪৫ বছর বয়সী নাগরিকরা। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার আওতায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
বিভাগ জানিয়েছে, অভিযান চলাকালে কিছু অভিবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দেওয়া, সহযোগিতা না করা এবং পালানোর চেষ্টাসহ নানা কৌশলে অভিযান ব্যাহত করার চেষ্টা করে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়, কিছু অসাধু চক্র স্থানীয় ব্যবসায়িক লাইসেন্সের আড়ালে অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দিয়ে মুনাফা লুটছে।
তদন্তে সহায়তার জন্য স্থানীয় কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে পাঁচটি 'ফর্ম ২৯' সমন জারি করা হয়েছে। আটক সব অভিবাসীকে বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রেখে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা