1. »
  2. জাতীয়

চীনা প্রতিষ্ঠানের ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন পেল বাংলাদেশ

বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:৪৬ এএম

চীনা প্রতিষ্ঠানের ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন পেল বাংলাদেশ

বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে।

আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনের ডোজ হস্তান্তর করা হয়।

অনুদান হিসেবে দেওয়া এই ভ্যাকসিনগুলো WHO Pre-Qualified অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে অনুমোদিত। ভ্যাকসিনটির পূর্ণ নাম Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin Strains) (sIPV)। মোট ৩ লাখ ৮০ হাজার ডোজ অর্থাৎ ৭৬ হাজার ভায়াল স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

সিনোভ্যাক ফাউন্ডেশনের এই অনুদান বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-কে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।