কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৮:৪৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৮:৪৮ পিএম
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি সীমান্ত দিয়ে কোনো ধরনের 'পুশইন' যেন না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কাঁটাতারের বেড়া বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে কিনা — সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি নো-ম্যানস ল্যান্ড বজায় রেখে তাদের সীমানার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, সেটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে তখনই আলোচনা শুরু হবে।
ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার আশঙ্কা নাকচ করে তিনি বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
এছাড়া ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এসব পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী