1. »
  2. জাতীয়

ঈদুল আজহায় পশুর হাটে জাল নোট ঠেকাতে বুথ স্থাপনের নির্দেশ

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:০৩ পিএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১২:০৩ পিএম

ঈদুল আজহায় পশুর হাটে জাল নোট ঠেকাতে বুথ স্থাপনের নির্দেশ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

গত রবিবার (১০ মে) জারি করা এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগের রাত পর্যন্ত রাজধানীর পশুর হাটগুলোতে বিরতিহীনভাবে নোট যাচাই সেবা চালু রাখতে হবে। স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বুথগুলো সুষ্ঠুভাবে পরিচালনার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যাংককে একজন করে সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিয়ে তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত হাটগুলোতে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে তা সার্কুলারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঢাকার বাইরের হাটগুলোর দায়িত্ব বণ্টন করবে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস। তবে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে দায়িত্ব বণ্টনের কাজ করবে সোনালী ব্যাংক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাটগুলোতে ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক বুথ পরিচালনা করবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি পশুর হাটে দায়িত্ব পালন করবে ১৯টি ব্যাংক, যার মধ্যে রয়েছে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য।

আরও পড়ুন