1. »
  2. আইন আদালত

গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:৩৪ এএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১১:৩৪ এএম

গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ শনাক্ত ও প্রকাশ করা যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেন। 

সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের চর্চা নারীর প্রতি বৈষম্য, কন্যাশিশু হত্যার প্রবণতা এবং সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করে — যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন। আদালত আরও পর্যবেক্ষণ করেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহির ব্যবস্থা দীর্ঘদিন ধরে অনুপস্থিত। কেবল নির্দেশিকা প্রণয়নে দায়িত্ব শেষ হয় না — বাস্তব বাস্তবায়ন ও ডিজিটাল নজরদারি ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়।

এই প্রেক্ষাপটে আদালত স্বাস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন, যেখানে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট রিপোর্ট সংরক্ষণ ও তদারকি করা হবে। পাশাপাশি নির্দেশনাটিকে 'continuous mandamus' হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে ভবিষ্যতে এর বাস্তবায়ন আদালত সরাসরি তদারকি করতে পারেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি নিজেই, সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।