1. »
  2. সমগ্র দেশ

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৩১ এএম

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষত চট্টগ্রামে মৃদু কম্পন অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। 

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে — অক্ষাংশ ২০.৪৬° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৩.৯৪° পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সিদোকতাইয়া থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম নগরীর বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের কম্পনে ঘরবাড়ি হঠাৎ কেঁপে উঠলে অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে, শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে দেশের উত্তরাঞ্চলেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে এর মাত্রা ছিল ৪.৪ থেকে ৪.৫। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানায়, কেন্দ্রস্থলটি ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায় অবস্থিত ছিল। কম গভীরতার কারণে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়।

লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দারা মৃদু থেকে মাঝারি ঝাঁকুনির কথা জানান। বড় ধরনের ক্ষতি না হলেও কম্পনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।