1. »
  2. অর্থ বাণিজ্য

কমল জেট ফুয়েলের দাম কমল

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:০১ এএম | আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:০১ এএম

কমল জেট ফুয়েলের দাম কমল

তিন দফায় লাগামছাড়া বৃদ্ধির পর অবশেষে কমল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) লিটারপ্রতি প্রায় ২২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে, যা গতকাল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে লিটারপ্রতি দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে, যা শুল্ক ও মূসকমুক্ত।

চলতি বছরের শুরুতে জানুয়ারিতে জেট ফুয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয় এবং দাম ঊর্ধ্বমুখী হতে থাকে।

মার্চে প্রথম দফায় দাম একলাফে বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২৪ মার্চ দ্বিতীয় দফায় তা আরও বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ২৯ পয়সায়। সর্বশেষ এপ্রিলে তৃতীয় দফায় বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়। অর্থাৎ মাত্র কয়েক মাসের ব্যবধানে দাম বেড়েছিল ১৩২ টাকারও বেশি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় এবার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।