1. »
  2. আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় পিছু হঠল মার্কিন ডেস্ট্রয়ার

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ১০:৪৮ এএম

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় পিছু হঠল মার্কিন ডেস্ট্রয়ার

পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে পিছু হঠাতে বাধ্য করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের ভাষ্য অনুযায়ী, দুটি ঘটনার জের ধরে এই অভিযান পরিচালিত হয়। প্রথমত, মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। 

দ্বিতীয়ত, তেহরানের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসতে থাকে।

ইরানের দাবি অনুযায়ী, পাল্টা অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ড্রোন ব্যবহার করা হয়। এরপর মার্কিন জাহাজ তিনটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ইরানের গোয়েন্দা পর্যবেক্ষণে মার্কিন সামরিক সম্পদের 'মারাত্মক ক্ষয়ক্ষতি' নিশ্চিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই ঘটনাকে মার্কিন 'সামুদ্রিক দস্যুতা' আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী জবাব দিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে তৈরি। মার্কিন পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।