1. »
  2. খেলার মাঠ

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:৩০ এএম

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট পায় ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে রীতিমতো গোল-উৎসব হয়েছিল। সেই ম্যাচে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়েছিল পিএসজি।

মিউনিখের ম্যাচে মাত্র ১৩৯ সেকেন্ডের মাথায় উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। বাঁ প্রান্ত দিয়ে খিচা কাভারাস্কেইয়ার বিদ্যুৎগতির দৌড় থেকে বল পেয়ে একদম একা অবস্থায় গোল করেন ব্যালন ডি'অর বিজয়ী দেম্বেলে। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির ফুলব্যাক পজিশন অদলবদলের সিদ্ধান্ত এ ক্ষেত্রে বুমেরাং হয়ে ফেরে।

ম্যাচজুড়ে বায়ার্ন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। রেফারিং নিয়েও তৈরি হয় বিতর্ক। লাল কার্ডের দাবি ও পেনাল্টির আবেদনে দুইবার রেফারিকে ঘিরে ধরেন বায়ার্নের খেলোয়াড়েরা। তবে জোয়াও নেভেসের হাতে বল লাগলেও তা নিজের সতীর্থের শরীর স্পর্শ করে আসায় নিয়মের সুবাদে রক্ষা পায় পিএসজি।

এই মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি গোল করা দল বায়ার্নকে তাদের নিজেদের মাঠেই কার্যত নিষ্ক্রিয় করে রাখে পিএসজির রক্ষণভাগ। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে হ্যারি কেইন সমতা ফেরালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুই লেগ মিলিয়ে এক গোলের ব্যবধান আর ঘোচাতে পারেনি বায়ার্ন।