হত্যাচেষ্টা মামলায়
হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৪৯ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৪৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ রবিবার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জশিট দাখিল করা হয়।
অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্বনির্দেশনা অনুযায়ী অভিযুক্তরা পরস্পর মিলে সারা দেশে ছাত্র-জনতার আন্দোলন সহিংসভাবে দমনের চেষ্টা করেছিল।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভরত আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। বিকেল পৌনে তিনটার দিকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক। হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পরে সুস্থ হয়ে বাদী হিসেবে তিনি মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড়শো জনকে আসামি করা হয়েছিল।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ