মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকারের স্বীকৃতির দিনে সারাদেশে নানা কর্মসূচি
শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:৩১ এএম
আজ ১ মে, মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর এই দিনটি পালিত হয়। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে।
এবছর শুক্রবারে মে দিবস পড়ায় আলাদা সরকারি ছুটির প্রয়োজন হয়নি। এ বছরের প্রতিপাদ্য — 'সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত।'
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে এ বছরের প্রতিপাদ্যকে সময়োপযোগী বলে উল্লেখ করে বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি ও সমৃদ্ধ অর্থনীতি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
মে দিবসের ঐতিহাসিক পটভূমি ফিরে যায় ১৮৮৬ সালে। সেদিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হলে ১০ থেকে ১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন। সেই রক্তঝরা আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন রূপ পায়। পরবর্তীতে ১৯০৪ সালে আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে ১ মে বিশ্বব্যাপী 'বাধ্যতামূলকভাবে কাজ না করার' সিদ্ধান্ত গৃহীত হয়। তখন থেকেই দিনটি আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দেশে দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে র্যালি, সমাবেশ, আলোচনা সভা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। বিরোধী দল জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও শ্রমিক সংগঠনও পৃথকভাবে কর্মসূচি পালন করছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচারিত হচ্ছে।
আরও পড়ুন
- নয়াপল্টনের শ্রমিক সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ
- হঠাৎ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
- অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ প্রত্যাহার
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক