ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ
শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:২৫ এএম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, বিমান সংগ্রহ করবে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৭ হাজার কোটি টাকা, যা দেশের বেসামরিক বিমান চলাচল খাতে অন্যতম বড় ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
উড়োজাহাজগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে। প্রথম বিমানটি ২০৩১ সালের অক্টোবর নাগাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০৩৫ সালের মধ্যে পুরো বহর হস্তান্তর সম্পন্ন হবে।
বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি জানান, ৭৮৭-১০ মডেলটি মধ্যপ্রাচ্যের রুটে, ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ রুটে এবং ৭৩৭-৮ ম্যাক্স স্বল্প দূরত্বের রুটে ব্যবহৃত হবে। নতুন উড়োজাহাজগুলো আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানিসাশ্রয়ী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটি কেবল একটি ক্রয়চুক্তি নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের প্রতিফলন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাণিজ্য ঘাটতি সমন্বয়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল। সর্বশেষ এই চুক্তি সেই প্রক্রিয়ারই চূড়ান্ত পরিণতি।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী