1. »
  2. আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আবারও যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৪২ এএম

ইরানের সঙ্গে আবারও যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পুনরায় সামরিক সংঘাতে জড়ানোর প্রয়োজন হতে পারে। 

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।" চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন বলে জানান।

তবে ট্রাম্প এও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। সংকটের সমাধান হলে বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে বলেও দাবি করেন তিনি, যদিও যুদ্ধ কবে থামবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি।

এদিকে, জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার একদিন পরই ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহার করা হবে কি না। জবাবে তিনি বলেন, সম্ভবত তেমনটিই করা হবে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে ট্রাম্প জানান, ইরান এই আসরে খেললে তার কোনো আপত্তি নেই।

সূত্র: আল-জাজিরা