1. »
  2. অর্থ বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে অকটেনের তৃতীয় চালান, জ্বালানি মজুদে স্বস্তি

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম

চট্টগ্রাম বন্দরে অকটেনের তৃতীয় চালান, জ্বালানি মজুদে স্বস্তি

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় চালান নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি পৌঁছায় এবং দুপুর থেকেই তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন। চলতি মাসে এটি তৃতীয় অকটেন চালান।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। সব মিলিয়ে এপ্রিল মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের চাহিদা দুই মাসেরও বেশি সময় পূরণ করা সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেলসহ আরও পাঁচটি জাহাজ অপেক্ষায় রয়েছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া যাচ্ছে না। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমেও কিছুটা বিঘ্ন ঘটছে।