1. »
  2. জাতীয়

কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১১:০১ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১১:০১ এএম

কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ সংকট দূর করতে সরকার কাজ করছে এবং কোনোভাবেই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন উপলক্ষে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে তেমন কোনো জ্বালানি সংকট নেই। তবে একটি চক্র ফায়দা লুটতে কাল্পনিক জ্বালানি সংকট তৈরি করছে। তিনি সবাইকে গুজব ও নেতিবাচক কথায় কান না দেওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, একটি দানবকে পরাজিত করতে ঠাকুরগাঁওয়ে ১৩ জনের প্রাণ গেছে। সারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতেই উন্নয়নের যাত্রা শুরু হয়েছে।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ে ভুল্লী ও রুহিয়াকে উপজেলায় উন্নীত করা, মেডিকেল কলেজ, বিমানবন্দর, রাস্তাঘাট ও ইপিজেড নির্মাণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও সম্ভাবনা যাচাইয়ে ঠাকুরগাঁও সফরও করেছেন।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমেরিকা-ইরান যুদ্ধে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকার সবসময়ই জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বলে তিনি আশ্বাস দেন।

জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি জেলা সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন ও দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।