যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার রুমমেটকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, গ্রেপ্তার সন্দেহভাজন রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহের সন্ধান পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। জামিলকে সকাল ৯টায় তার ছাত্রাবাসে এবং নাহিদাকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। পরদিন ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু যোগাযোগ করতে না পেরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিরত।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টে লেখেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ। তিনি জানান, নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কিছু জানা যায়নি এবং সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিখোঁজ নাহিদা এস বৃষ্টিকে খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম পুরোদমে চলছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা