1. »
  2. জাতীয়

মে দিবস উপলক্ষে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ এএম

মে দিবস উপলক্ষে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বেলা আড়াইটায় অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, এবারের সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপ নেবে। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং পহেলা মে পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সমাবেশে বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। 'ঐতিহাসিক সমাবেশ' হবে — নজরুল ইসলাম খান

সমাবেশ আয়োজনে বাইরের কোনো অর্থের সহায়তা নেওয়া হচ্ছে না বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা নিজেরাই চাঁদা দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন — যা স্বনির্ভরতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নজরুল ইসলাম খান জানান, গত বছরের মে দিবসে উত্থাপিত দাবিগুলোর মধ্যে যেগুলো এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলোই এবার প্রধান দাবি হিসেবে তুলে ধরা হবে। নতুন দাবি নয়, পূর্বের প্রতিশ্রুতি পূরণই লক্ষ্য।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া কর্মীদেরও শ্রমজীবী মানুষের অংশ হিসেবে উল্লেখ করে মে দিবসের সমাবেশ সফল করতে তাদের সহযোগিতা কামনা করেন।