ভারতে ব্রেক বিকল হয়ে একাধিক যানে সংঘর্ষ, শিশুসহ নিহত ১১
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১১:২৭ এএম
ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার ঢালু পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনের আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে পর্যায়ক্রমে একাধিক যানের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়।
মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দ্রুত তদন্ত ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, ড্রামন্ডগঞ্জ উপত্যকার এই ঢালু রাস্তাটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা