ইরানের তিন তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৪ এএম
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার মাত্র একদিন পরই তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জব্দ করা জাহাজ তিনটির নাম ডিপ সি, সেভিন ও দোরেনা।
আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, তিনটি জাহাজেই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল।
জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের যে এলাকা থেকে জাহাজগুলো জব্দ করা হয়েছে, সেটি ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি।
জব্দ হওয়া জাহাজগুলোর মধ্যে সুপারট্যাংকার ডিপ সি জব্দের সময় আংশিকভাবে তেলপূর্ণ ছিল, সর্বশেষ এটি মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল। দ্বিতীয় জাহাজ সেভিনে ছিল ১০ লাখ ব্যারেল তেল, যা এর মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ। আর তৃতীয় জাহাজ দোরেনা সম্পূর্ণ ভর্তি ছিল— এতে পাওয়া গেছে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। তিন দিন আগে দোরেনাকে ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল।
এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পরদিনই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি বন্দরে অবরোধ জারির ঘোষণা দেন। সেই ঘোষণায় তিনি স্পষ্ট করেন, শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের কোনো জাহাজ বন্দর ছাড়তে বা বিদেশি কোনো জাহাজ ইরানে প্রবেশ করতে পারবে না।
সেন্টকোম বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা