1. »
  2. আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নারী সাংবাদিক নিহত, হুমকিতে যুদ্ধবিরতি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:০৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১০:০৮ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় নারী সাংবাদিক নিহত,  হুমকিতে যুদ্ধবিরতি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনা দেশটির চলমান যুদ্ধবিরতিকে নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বুধবার (২২ এপ্রিল) আত-তিরি গ্রামে একটি চলন্ত গাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। 

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, গাড়িটি হিজবুল্লাহর একটি সামরিক অবকাঠামো থেকে বের হয়েছিল।

হামলার সংবাদ সংগ্রহে ছুটে যান স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ। ড্রোন হামলার পর তারা নিকটস্থ একটি ভবনে আশ্রয় নিলে সেখানেও বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়, আর গুরুতর আহত জয়নব ফারাজ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের টার্গেট করা হয়েছে এবং উদ্ধারকাজ ঠেকাতে আশপাশের সড়কেও হামলা চালানো হয়। দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস এটিকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছেন। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।

একই দিনে ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরও দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পাল্টা জবাবে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায় বলে জানা গেছে। ইসরায়েল দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা থামেনি। ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।
এদিকে, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের উপর সাম্প্রতিক হামলায় আহত ফরাসি সেনা করপোরাল আনিসেত গিরার্দিন মারা গেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।