1. »
  2. আইন আদালত

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ পিএম

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

এর আগে ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলির জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর ১৩ এপ্রিল তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং বক্তব্যের পক্ষে তথ্যপ্রমাণ দিতে সাত দিনের সময় দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন সংসদ সদস্যের এমন ভিত্তিহীন বক্তব্য সরকারি কর্মকর্তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ কারণেই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।