1. »
  2. আন্তর্জাতিক

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ০২:৫৫ পিএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ০২:৫৫ পিএম

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে জাপান মেটোলজিকাল এজেন্সি (জেএমএ) জানায়, ইওয়াত, আওমোরি ও হোক্কাইডো অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি হয়েছে। সমুদ্রের তলদেশে সৃষ্ট এই কম্পনের ফলে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার (৯.৮৪ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

জেএমএ জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। অগভীর স্তরে এই ধরনের শক্তিশালী কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ভূমিকম্পের পর টকিওসহ দেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। জাপানের ভূ-কম্পন তীব্রতা স্কেলে এর মাত্রা ছিল ‘আপার ৫’, যা মানুষের স্বাভাবিক চলাফেরা কঠিন করে তোলে এবং দুর্বল স্থাপনার ক্ষতির ঝুঁকি বাড়ায়।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ ইতোমধ্যে কিছু উপকূলে পৌঁছাতে শুরু করেছে। পরবর্তী ঢেউগুলো আরও শক্তিশালী হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলো প্রস্তুত রাখা হয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সুনামি মোকাবিলায় তাদের প্রস্তুতি উন্নত। তবুও ৭.৪ মাত্রার এই ভূমিকম্প ও সম্ভাব্য ৩ মিটার উচ্চতার ঢেউ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স