হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৩ এএম | আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৩ এএম
চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানী ঢাকা থেকে প্রথম ফ্লাইট উড্ডয়নের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে হজ ফ্লাইট উদ্বোধন করেন এবং সরাসরি হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফ্লাইটে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, হজ কার্যক্রমের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী প্রথমে আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করেন। সেখানে হাজীদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিক পরিবেশ তৈরি হয়।
পরবর্তীতে তিনি হজ ফ্লাইট উদ্বোধনের অংশ হিসেবে সরাসরি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে সময় কাটান এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর হজযাত্রায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও সহজ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে রাত ১০টা ৫০ মিনিটে হজ ক্যাম্পে পৌঁছে তিনি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন
- ২০৩০ মধ্যে দশ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার
- আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান
- আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: প্রধানমন্ত্রী
- জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
- ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
- লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে: প্রধানমন্ত্রী