1. »
  2. আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ০২:১২ পিএম | আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ০২:১২ পিএম

রাশিয়া থেকে তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে এ ছাড় কার্যকর হয়েছে এবং আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যসংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ওই অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ সরকার বিকল্প হিসেবে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নেয়। তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এতে জটিলতা দেখা দেয়।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চায় বাংলাদেশ সরকার এবং এ বিষয়ে চিঠিও পাঠানো হয়।

এদিকে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন গত ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সরবরাহের বিষয়েও আলোচনা হয়।

এর আগে ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।

বৈঠকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে দেশের জ্বালানি খাতে উদ্ভূত চ্যালেঞ্জ তুলে ধরে সহায়তা কামনা করে বাংলাদেশ। পাশাপাশি রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধন করে আমদানির বিকল্প পথ নিয়েও আলোচনা হয়।

সূত্র: বাংলানিউজ