যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা ট্যাঙ্কার
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:১৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:১৯ পিএম
যুক্তরাষ্ট্র-এর আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা ওয়াশিংটনের ঘোষিত নৌ-অবরোধকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
রয়টার্স জানায়, এলএসইজি’র শিপিং তথ্য অনুযায়ী ‘রিচ স্টারি’ নামের জাহাজটি চীন-এর মালিকানাধীন এবং এতে চীনা ক্রু রয়েছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এই ট্যাঙ্কারটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল। ২০২৩ সালে ইরানের ওপর জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ওয়াশিংটন এটিকে কালো তালিকাভুক্ত করেছিল। তবে সাম্প্রতিক যাত্রায় জাহাজটি ইরানি কোনো বন্দরে ভিড়েছিল কি না বা এতে তেল বোঝাই ছিল কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
পারস্য উপসাগর ছাড়ার জন্য গত ২৪ ঘণ্টায় এটি দ্বিতীয়বার চেষ্টা চালায়। সোমবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় অবরোধ কার্যকর হওয়ার পর জাহাজটি প্রথমে কেশম দ্বীপ-সংলগ্ন সংকীর্ণ জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে আসে। পরে আবার যাত্রা শুরু করে এবং বার্তা ব্যবস্থার মাধ্যমে জানায়—জাহাজটির মালিক ও ক্রু উভয়ই চীনা।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সমুদ্রপথে এটি একটি প্রচলিত নিরাপত্তা কৌশল হলেও বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের সংশ্লিষ্ট কোনো জাহাজকে যুক্তরাষ্ট্র সরাসরি বাধা দেবে কি না—তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করার পর থেকেই বৈশ্বিক শিপিং ও জ্বালানি খাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অবরোধের সুনির্দিষ্ট নীতিমালা স্পষ্ট না হওয়ায় অনেক প্রতিষ্ঠান তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চীনের জাহাজ নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চলাচল করায় ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি জাহাজটি আটকায়, তাহলে চীন-এর সঙ্গে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা তৈরি হতে পারে। আর যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ঘোষিত অবরোধের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।
সব মিলিয়ে হরমুজ প্রণালি এখন বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা