ইরানের তেল রপ্তানি ঠেকাতে আন্তর্জাতিক জোটের ইঙ্গিত ট্রাম্পের
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:০৫ এএম
ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ কার্যকরের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেছেন। রোববার রাতে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি জানান, ইরান যাতে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি দেশ সক্রিয়ভাবে কাজ করছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি কেন্দ্র করে বর্তমানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে, যা ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলবে। তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তেহরানের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, সেটি এখনো কার্যকর রয়েছে। তবে একইসঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করে বলেন, দেশটির বাহিনী প্রায় ‘বিধ্বস্ত’ অবস্থায় আছে। এমনকি তিনি মন্তব্য করেন, ইরানের নৌবাহিনী ‘প্রায় পুরোপুরি পানির নিচে’ রয়েছে।
ট্রাম্পের মতে, এই নৌ-অবরোধ কার্যকর হবে কারণ অন্যান্য দেশও ইরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখতে সহযোগিতা করছে। এতে বিশ্ববাজারে ইরানের তেলের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা ও আসন্ন অবরোধের কারণে অনেক বাণিজ্যিক জাহাজ ইতোমধ্যে তাদের রুট পরিবর্তন করতে শুরু করেছে। অনেক তেলের ট্যাঙ্কার এখন যুক্তরাষ্ট্রমুখী হচ্ছে, কারণ তারা ঝুঁকি এড়িয়ে বিকল্প পথে চলাচল করতে চায়।
ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র নিজেদের তেলের মজুদ ব্যবহার করে বিশ্ববাজারের চাহিদা পূরণ এবং জাহাজগুলোকে হরমুজ প্রণালি এড়িয়ে চলতে উৎসাহিত করার কৌশল নিচ্ছে।
এদিকে আন্তর্জাতিক মহলে ট্রাম্পের মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরানের সামরিক শক্তি নিয়ে তার কড়া মন্তব্য এবং নৌ-অবরোধে অন্যান্য দেশের সম্পৃক্ততার দাবি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা