'হজ ভিসা' বাধ্যতামূলক করল সৌদি আরব
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ এএম
পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসাকে বৈধ হিসেবে গণ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের একমাত্র বৈধ উপায় হলো সরকার অনুমোদিত হজ ভিসা।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থানকারীরা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। তবে সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা নিয়ম থাকছে—তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে নির্ধারিত পারমিট সংগ্রহ করতে হবে।
সৌদি গেজেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে ভিজিট বা টুরিস্ট ভিসাধারীদের হজ পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সব ধরনের বুকিং ও রিজার্ভেশন কেবল অনুমোদিত মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, কোনো ভুয়া বা অননুমোদিত চ্যানেলের মাধ্যমে হজ বুকিং করা থেকে বিরত থাকতে হবে। প্রতি বছরই কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধভাবে হজে পাঠানোর চেষ্টা করে—এবার তা দমনে আগাম কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ইতোমধ্যে বিমানবন্দর ও হজ ক্যাম্পে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
সৌদি আরবের নতুন এই নির্দেশনা অনুযায়ী, বিদেশি হজযাত্রীদের জন্য নির্ধারিত বিশেষ ভিসা থাকা বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটলে আইনি জটিলতার পাশাপাশি হজের আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও হজযাত্রীদের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনায় কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আরও পড়ুন
- হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি
- ঈদের দ্বিতীয় দিনেও চলছে কুরবানি
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন, আরাফাতে ১৬ লাখ হাজির মিলন
- ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
- সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১২