1. »
  2. সমগ্র দেশ

ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ এএম

ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের পরিচালিত হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় মূল অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন এখনো পলাতক রয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আক্কাস আলী। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

পুলিশ জানায়, রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানের মাধ্যমে র‍্যাব-২ ও র‍্যাব-৪ মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করে পরে থানায় হস্তান্তর করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মূল আসামি মঈন উদ্দিনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে শুক্রবার সকালে ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।