বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ শুরু
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১১:০৫ এএম
বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনসহ ঢাকা-১৭ আসনে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ প্রতীকে, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র। অন্যদিকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান এর আগেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকালে শ্রীবরদী উপজেলা-র তাতিহাটি ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, ভোটাররা কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন।
সকাল সাড়ে আটটার দিকে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মৃণাল কান্তি দাস জানান, এ কেন্দ্রে মোট ৪ হাজার ৭৮১ জন ভোটার রয়েছেন। ৯টি বুথে সকাল থেকেই ভোটগ্রহণ চলছে। সকালে উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। দুই উপজেলায় মোট ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে।
আরও পড়ুন
- কাল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২০৩০ মধ্যে দশ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার
- আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান
- আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: প্রধানমন্ত্রী
- জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
- ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের