লেবাননে হামলা যুদ্ধবিরতির বাইরে : ট্রাম্প
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ১০:৪৯ এএম
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প বলেন, মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র কারণেই দেশটিকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। তিনি সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে ‘একটি আলাদা যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, এই গোষ্ঠীকে ‘সমাধান করা হবে’।
এর আগে লেবাননে নতুন দফায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়, যাতে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানান, বৈরুত ও অন্যান্য এলাকায় হামলার ফলে হাসপাতালগুলোতে নিহত ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে লেবানন রেডক্রস জানিয়েছে, তাদের প্রায় ১০০টি অ্যাম্বুল্যান্স আহতদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।
ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধের’ প্রতি অবজ্ঞার নতুন উদাহরণ এবং ইসরায়েলের ‘কলঙ্কিত ইতিহাসে’ আরেকটি সংযোজন।
এক বিবৃতিতে তিনি আরও বলেন, “এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। ইসরায়েল বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।”
অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা ফার্স নিউজকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত।
আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, লেবাননে ইসরায়েল যে ‘অপরাধ’ করেছে, তার ‘শাস্তি’ দেওয়া হবে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য এবং ইসরায়েল চুক্তি ভঙ্গের জন্য পরিচিত।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা