1. »
  2. জাতীয়

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ০১:২৪ পিএম | আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ০১:২৫ পিএম

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। 

আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজারকে দেওয়া লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন ।

তিনি জানান, সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে স্কুল ফিডিং/মিড-ডে মিল কার্যক্রম চালু করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ প্রদান করা হবে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী ছয় মাসের মধ্যে এআই, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করবে।