1. »
  2. আন্তর্জাতিক

শেষ মুহূর্তে নাটকীয় মোড়, দুই সপ্তাহের জন্য ইরানে যুদ্ধবিরতি ঘোষণা

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:২০ এএম | আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:২০ এএম

শেষ মুহূর্তে নাটকীয় মোড়, দুই সপ্তাহের জন্য ইরানে যুদ্ধবিরতি ঘোষণা

ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের বোমা হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এ ঘোষণা আসে।

তবে এই সাময়িক যুদ্ধবিরতির সঙ্গে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে, যদি ইরান দ্রুত ও নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে তিনি রাজি হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে একটি ‘পারস্পরিক যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এর প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে হবে।

এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করতে পারে।

সূত্র: রয়টার্স