সন্ধ্যা ৬টায় দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বহাল
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:১৫ এএম | আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:১৫ এএম
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকান ও শপিংমল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গতকাল শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরকারের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এর আগে ব্যবসায়ীরা বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানালেও সরকার তা গ্রহণ করেনি।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি-এর পক্ষ থেকে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে প্রধান ছিল দোকান খোলার সময় বাড়ানো। এছাড়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, যানজট কমানো এবং জ্বালানি অপচয় রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রস্তাবও তুলে ধরা হয়।
ব্যবসায়ীরা আরও প্রস্তাব দেন, জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে যানবাহন চলাচল চালু করলে জ্বালানি সাশ্রয় ও যানজট কমানো সম্ভব হবে। পাশাপাশি ব্যাটারিচালিত তিন চাকার যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণের কথাও বলা হয়।
তবে বৈঠকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ স্পষ্ট করে জানান, আপাতত তিন মাসের জন্য দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাশ্রয়ী ব্যবস্থার বিকল্প নেই। এ জন্য ব্যবসায়ীসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তবে বাস্তবে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্দেশনা পুরোপুরি মানা হয়নি। কারওয়ান বাজার ও ফার্মগেটসহ কয়েকটি এলাকায় সন্ধ্যা ৬টার পরও দোকান খোলা থাকতে দেখা গেছে। কোথাও ৭টা, কোথাও সাড়ে ৭টা কিংবা ৮টা পর্যন্ত দোকানপাট খোলা ছিল।
সরকার বলছে, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে, বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় আনা হতে পারে।
আরও পড়ুন
- সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করে বিল পাস
- ৩ মে থেকে সারাদেশে মিলবে হামের টিকা
- পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবনে পরিকল্পনামন্ত্রী
- আজ থেকে নতুন সময়সূচীতে চলবে সরকারি-বেসরকারি অফিস
- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আজ
- উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি হামের টিকাদান শুরু
- কেরানীগঞ্জে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সুনামগঞ্জের কৃষকেরা দেশের ৮ভাগের এক ভাগ ধান উৎপাদন করে থাকেন: ভূমি মন্ত্রী