1. »
  2. শিক্ষা

শিখন ঘাটতি পূরণে ছুটির দিনও প্রাথমিকের ক্লাস, ১০ সপ্তাহ ছুটি বাতিল

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:২৪ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১২:২৪ পিএম

শিখন ঘাটতি পূরণে ছুটির দিনও প্রাথমিকের ক্লাস, ১০ সপ্তাহ ছুটি বাতিল

শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে পিছিয়ে পড়া পাঠসূচি নির্ধারিত সময়ে শেষ করতেই এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শুধু আজ নয়—এ উদ্যোগের অংশ হিসেবে টানা আরও ৯টি শনিবার বিদ্যালয় খোলা থাকবে এবং নিয়মিত পাঠদান চলবে।

সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে ছুটির পরবর্তী ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সিলেবাস শেষ করা অত্যন্ত জরুরি। দীর্ঘ ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বছরের প্রথম তিন মাসে নির্বাচন, রোজা ও ঈদের কারণে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে শেখার ঘাটতি তৈরি হয়েছে।

এ বছর রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে আদালতের নির্দেশনা ও পরবর্তী সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ৩৭ দিনের দীর্ঘ ছুটি তৈরি হয়।

নির্ধারিত ছুটি শেষে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শনিবারেও ক্লাস চলবে।

তবে এই নির্দেশনা শুধু প্রাথমিক স্তরের জন্য প্রযোজ্য। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।