1. »
  2. সমগ্র দেশ

দোকান খোলা-বন্ধের সময়সীমা পরিবর্তনের প্রস্তাব মালিক সমিতির

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১১:২৫ এএম

দোকান খোলা-বন্ধের সময়সীমা পরিবর্তনের প্রস্তাব মালিক সমিতির

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

তাদের দাবি, বর্তমান সময়সীমা পরিবর্তন করে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হোক। একই সঙ্গে তারা প্রস্তাব করেছেন, প্রয়োজনে দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা করা যেতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, ঢাকাসহ সারা দেশে দোকান ও শপিংমল খোলার সময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।